সর্বশেষ
Loading breaking news...

সকল বিভাগ

মোট 11 টি বিভাগ

ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কো ও কিয়েভে যাচ্ছেন কুশনার-উইটকফ

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানে একটি পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ। গত শুক্রবার ট্রাম্প নিজেই এই দুই দূতকে মস্কো ও কিয়েভে পাঠানোর কথা জানিয়েছেন।

ক্ষমতায় ফেরার পর গত বছর থেকে যুদ্ধবিধ্বস্ত কিয়েভে কুশনার ও উইটকফের এটি হবে প্রথম সফর। নির্বাচনী প্রচারে রাশিয়া-ইউক্রেন সংঘাত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। দুই দূতই এর আগে মস্কো সফর করেছেন; ফলে আলোচনায় তাঁরা রাশিয়ার পক্ষ নিচ্ছেন—এমন অভিযোগও উঠেছে।

শান্তি পরিকল্পনা নিয়ে যা জানালেন ট্রাম্প

কুশনার ও উইটকফ যুদ্ধবিরতির একটি প্রস্তাব সঙ্গে করে নিয়ে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনকে কোনো ভূখণ্ড ছেড়ে দিতে হবে কি না—এ বিষয়ে কিছু বলেননি তিনি। ট্রাম্পের ভাষ্য, ‘শান্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধকে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার ‘ব্যক্তিত্বগত সমস্যা’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ‘আমি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাঠিয়েছি। দুজনই দারুণ দক্ষ আলোচক। তাঁরা খুব ভালো কাজ করেছেন। আমরা তাঁদের পাঠিয়েছি, কোনো সমঝোতায় পৌঁছানো যায় কি না, তা দেখতে। আর আমাদের তা করতে পারার ভালো সম্ভাবনাও রয়েছে।’

জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাব

এর আগে জেলেনস্কি বলেছেন, মার্কিন দূতদের মস্কো ও কিয়েভ সফরের সময় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি পালনের প্রস্তাব তিনি দিয়েছেন। নিজের নিয়মিত সন্ধ্যা ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমাদের দিক থেকে আকাশপথে কোনো হামলা চালানো হবে না। আর রাশিয়াকেও একইভাবে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। অর্থাৎ তাদের দিক থেকেও আকাশপথে কোনো হামলা চালানো যাবে না। আলোচনা চালানোর জন্য যতক্ষণ সময় প্রয়োজন, ততক্ষণ এই যুদ্ধবিরতি বজায় রাখতে হবে।’

ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, দুই দূত আগামী রোববার কিয়েভ সফর করবেন। এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুশনার ও উইটকফের শুক্রবার রওনা হওয়ার কথা ছিল। আজ শনিবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা; এরপর রোববার কিয়েভে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা।

আরও পড়ুন