সর্বশেষ
Loading breaking news...

সকল বিভাগ

মোট 11 টি বিভাগ

আইওএস ২৭ আনছে অ্যাপল, যেসব সুবিধা পাওয়া যাবে

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

অ্যাপল আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের নতুন সংস্করণ আইওএস ২৭ উন্মুক্ত করতে যাচ্ছে। চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগে এখন বিভিন্ন বেটা সংস্করণ পরীক্ষা করে চলেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের তথ্য অনুযায়ী, এই সংস্করণের অন্যতম আকর্ষণ হলো সিরির নতুন রূপ ‘সিরি এআই’।

সিরি এআই

অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা কাজে লাগিয়ে নতুন সিরি ব্যবহারকারীদের সঙ্গে আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিকভাবে কথা বলতে পারবে। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের প্রেক্ষাপট বুঝে নানা কাজও করে দেবে এটি। পাশাপাশি ছবি সম্পাদনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, শিশুদের নিরাপত্তায় নতুন নিয়ন্ত্রণ, সাফারি ও মেসেজেসের নতুন সুবিধা এবং লিকুইড গ্লাস নকশার পরিবর্তনসহ বেশ কিছু নতুন ফিচার থাকছে এই অপারেটিং সিস্টেমে।

ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স

আইওএস ২৭-এ ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সুবিধাটিও আরও কার্যকর হচ্ছে। ক্যামেরা দিয়ে কোনো বস্তু বা দৃশ্য দেখিয়ে তা সম্পর্কে তথ্য জানা যাবে। আশপাশের কোনো বিষয় শনাক্ত করে সে সম্পর্কে প্রশ্ন করা বা তথ্য খোঁজারও সুযোগ থাকবে। ফলে কোনো খাবারের ছবি তুলে তার উপাদান বা পুষ্টিগুণ জানা যাবে, আবার কোনো গাছ বা বস্তুও শনাক্ত করা যাবে। ক্যামেরার ভিউফাইন্ডার থেকেই এসব অনুসন্ধান করা সম্ভব হবে।

শিশুদের নিরাপত্তা

অভিভাবকদের কথা মাথায় রেখে আইওএস ২৭-এ শিশুদের নিরাপত্তাবিষয়ক সুবিধাগুলো আরও সহজ করা হয়েছে। অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের নিয়ন্ত্রণের পাশাপাশি স্ক্রিনটাইম ব্যবস্থাপনাতেও থাকছে নতুন সুবিধা। শিশুরা কী ধরনের কনটেন্ট দেখতে পারবে, কোন অ্যাপ ব্যবহার করতে পারবে এবং কতক্ষণ ডিভাইস ব্যবহার করবে—এসব বিষয়ে আরও নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে শিশুদের আইফোন ব্যবহারের ওপর নজর রাখা অভিভাবকদের জন্য সহজ হবে।

মেসেজেস ও মেইলে সিরি এআই

মেসেজেস ও মেইলের মতো অ্যাপেও সিরি এআইয়ের নতুন সুবিধা ব্যবহার করা যাবে। ব্যবহারকারী কী লিখতে চান, তা সংক্ষেপে জানালেই সিরি খসড়া তৈরি করে দিতে পারবে। এমনকি ব্যবহারকারীর লেখার ধরন, ভাষা ও স্বর অনুসরণ করেও লেখা তৈরি করার চেষ্টা করবে। কথোপকথনের তথ্য বুঝে প্রয়োজনীয় কাজের পরামর্শও দিতে পারবে সিরি। কোনো বার্তায় অনুষ্ঠানের কথা থাকলে সেটি ক্যালেন্ডারে যোগ করার মতো কাজও করা যাবে।

সাফারির নতুন সুবিধা

আইওএস ২৭-এ সাফারি ব্রাউজারের খোলা ট্যাবগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানো যাবে। ফলে অনেক ট্যাব একসঙ্গে খোলা থাকলেও প্রয়োজনীয় ওয়েবপেজ খুঁজে পাওয়া সহজ হবে। ‘নোটিফাই মি’ নামের একটি সুবিধা কোনো ওয়েবপেজে পরিবর্তন হলে তা শনাক্ত করে ব্যবহারকারীকে জানিয়ে দেবে। ফলে কোনো ওয়েবসাইটে বারবার গিয়ে পরিবর্তন হয়েছে কি না, তা পরীক্ষা করার প্রয়োজন হবে না।

ছবি সম্পাদনা ও ইমেজ প্লেগ্রাউন্ড

ছবি সম্পাদনায় আইওএস ২৭-এ ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু সরানো, ছবির পরিসর বাড়ানো কিংবা ছবির দৃষ্টিকোণ পরিবর্তনের মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যাবে। ‘ক্লিন আপ’ সুবিধা দিয়ে ছবির অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেলা যাবে, ‘এক্সটেন্ড’ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবির প্রান্তের দৃশ্য বাড়ানো যাবে এবং ‘রিফ্রেম’ সুবিধা দিয়ে ছবির কাঠামো ও দৃষ্টিকোণ পরিবর্তন করা যাবে।

অ্যাপলের ইমেজ প্লেগ্রাউন্ড সুবিধায়ও পরিবর্তন আসছে। আগে এই সুবিধায় তৈরি ছবিগুলো মূলত কার্টুন বা আঁকা ছবির মতো দেখাত; নতুন সংস্করণে আরও বাস্তবসম্মত ছবি তৈরি করা যাবে। তৈরি ছবি পছন্দ না হলে নতুন নির্দেশনা দিয়ে তা পরিবর্তনেরও সুযোগ থাকবে। এমনকি ছবির নির্দিষ্ট কোনো অংশ নির্বাচন করে শুধু সেই অংশ পরিবর্তন করা যাবে।

লিকুইড গ্লাস নকশা

আইওএস ২৭-এর লিকুইড গ্লাসের নকশাও বদলানো যাবে। ব্যবহারকারী চাইলে অ্যাপ ও ইউআই উপাদানগুলো কতটা স্বচ্ছ বা রঙিন দেখাবে, তা নিজের পছন্দ অনুযায়ী ঠিক করতে পারবেন।

কখন উন্মুক্ত হবে আইওএস ২৭

অ্যাপল জানিয়েছে, আইওএস ২৭ সেপ্টেম্বরেই উন্মুক্ত হবে, আইফোন আনার পরপরই। চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগে যাঁরা নতুন সুবিধাগুলো ব্যবহার করতে চান, তাঁদের অ্যাপলের বেটা পরীক্ষার কার্যক্রমে অংশ নিতে হবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য চূড়ান্ত সংস্করণ পর্যন্ত অপেক্ষা করাই নিরাপদ।

আইওএস ২৭-সমর্থিত আইফোনে সফটওয়্যার হালনাগাদ হিসেবে এটি পাওয়া যাবে। নতুন আইফোনগুলোয়ও শুরু থেকেই আইওএস ২৭ থাকার কথা। হালনাগাদ করতে আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে যেতে হবে; এরপর সফটওয়্যার আপডেট অপশন থেকে কাজটি করা যাবে।

আরও পড়ুন