ফুটবলে অরুচি না ধরলেও অন্য খেলায় মন মজেছে কেইনের
বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের মনে এখন নতুন এক ভাবনা উঁকি দিচ্ছে। প্রথাগত ফুটবল ছেড়ে ভবিষ্যতে আমেরিকান ফুটবল খেলার স্বপ্ন দেখছেন তিনি। প্রথাগত ফুটবল আর রাগবির মিশেলে তৈরি এই খেলার লিগ এনএফএল (ন্যাশনাল ফুটবল লিগ) যুক্তরাষ্ট্রে অত্যন্ত জনপ্রিয়। সেই লিগের কোনো দলে 'কিকার' হিসেবে খেলতেই চান কেইন।
নেশনস লিগে মাঠে নামার আগে গতকাল ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের কাছে নিজের এই ইচ্ছার কথা জানান তিনি। মজার ব্যাপার হলো, ফুটবলের পর কেইনের সবচেয়ে পছন্দের খেলা আমেরিকান ফুটবল নয়, গলফ। তবে ক্যারিয়ারের সায়াহ্নে গলফের চেয়ে এনএফএলে খেলাই বেশি বাস্তবসম্মত মনে হয় ৩৩ বছর বয়সী এই তারকার কাছে।
এ প্রসঙ্গে কেইন বলেন, 'বিষয়টি এবার আমি আরও ভালোভাবে ভেবে দেখার চেষ্টা করব। আগামী পাঁচ বা ছয় বছরে আমার ক্যারিয়ার কোন দিকে যায়, তার ওপরই সব নির্ভর করছে। তবে গলফের চেয়ে এনএফএলে যাওয়ার বিষয়টি অনেক বেশি বাস্তবসম্মত—এটুকু অন্তত বলতেই পারি।'
গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছেন কেইন। এবার ব্যালন ডি'অর জয়ের অন্যতম দাবিদারও তিনি। তাঁর বিশ্বাস, প্রথাগত ফুটবলে পেনাল্টি নেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা এনএফএলের 'কিকার' হতে তাঁকে বড় ভূমিকা রাখতে পারে। কেইন বলেন, 'আমি পেনাল্টি নিই, আর দুটি খেলার টেকনিক ও চাপ সামলানোর বিষয়টা একদমই কাছাকাছি। অনুশীলনের দিক থেকে চিন্তা করলেও অন্য যেকোনো খেলার চেয়ে এটিই আমার জন্য সবচেয়ে সহজ হবে।'
কেইন যদি সত্যিই এনএফএলে নামার সিদ্ধান্ত নেন, তাহলে সবার আগে প্রস্তুতি সেরে নিতে চান তিনি। তাঁর ভাষায়, 'পেশাদার যেকোনো খেলা টিভিতে দেখতে যত সহজ লাগে, বাস্তবে ততটা না–ও হতে পারে। দেখতে সহজ লাগে বলে যে হুট করে করে ফেলা সম্ভব, তা কিন্তু নয়। আমি যদি সত্যিই এটা করতে চাই, তবে বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নেব। এটার পেছনে নামার আগে হয়তো ছয় থেকে এক বছর অনুশীলন করব।'
এ ছাড়া ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিলে একই সঙ্গে দুটি খেলা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কেইন। তাঁর মতে, 'ভবিষ্যতে যদি এমএলএস কিংবা তেমন কোথাও খেলি, তবে দুই খেলার মৌসুম মিলিয়ে হয়তো সমন্বয় করার সুযোগ তৈরি হলেও হতে পারে।'
ফুটবল ছেড়ে আমেরিকান ফুটবলে যোগ দেওয়ার উদাহরণও আছে। ডালাস কাউবয়েজের কিকার ব্র্যান্ডন অব্রি ২০১৭ সালে এমএলএস ড্রাফটের প্রথম রাউন্ডে টরন্টো এফসিতে যোগ দিয়েছিলেন, যদিও মূল দলের হয়ে তাঁর কোনো অফিশিয়াল ম্যাচ খেলা হয়নি। ডেট্রয়েট লায়ন্সের কিকার জেক বেটসও আগে কলেজ ফুটবল খেলেছেন।
অবশ্য কেইনের নিকট ভবিষ্যৎ নিয়ে ভাবনাজুড়ে এখন শুধুই ফুটবল। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে, দ্রুতই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। কেইনের ভাষায়, 'আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে। ছোটখাটো কিছু বিষয় এখনো চুকিয়ে ফেলা বাকি। আমি সেখানে ভালোই আছি। মনে হয় না আনুষ্ঠানিক ঘোষণার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে।'