গণভোট প্রতিষ্ঠা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে শুক্রবার এক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহীদ ওসমান হাদি চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠন। অনেক ছাত্রসংগঠনের কর্মকাণ্ডে অরাজকতা, সন্ত্রাস ও দখলদারিত্বের পরিবেশ তৈরি হলেও তাঁদের সংগঠন নীতি, নৈতিকতা ও আদর্শ ধারণ করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি সংগঠনের কর্মীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, সরকারকে গণভোটের প্রথা প্রতিষ্ঠা করতে হবে এবং জুলাই সনদের অঙ্গীকার পূরণ করতে হবে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
সমাবেশে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিন আল মাদানী, আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব নেছার উদ্দিন, সহকারী মহাসচিব শেখ ফজলুল করিম মারুফ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।